সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ গতকাল রোববার তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টা শুনানির জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
উভয় পক্ষের আইনজীবীর উদ্দেশে আদালত বলেছেন, এটি সাংবিধানিক বিষয়। এখানে রাজনৈতিক সাব-মিশন শুনবেন না আদালত। পাশ থেকে কথা না বলে যা বলার তা আদালতকে উদ্দেশ করে বলতে বলেন। সবাইকে আদালতের নিয়ম (ডেকোরাম) রক্ষা করতে বলেন। গতকাল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরুর আগে প্রথমে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দাঁড়ালে আদালত এসব কথা বলেন।
পরে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা যুক্তি উপস্থাপন শুরু করেন। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া অ্যামিকাস কিউরিদের মধ্যে টি এইচ খান, এম আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও এম আই ফারুকী উপস্থিত ছিলেন। পরে শুনানির বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, রিট আবেদনটি (ষোড়শ সংশোধনী নিয়ে করা রিট) গ্রহণযোগ্য নয়। আপিল বিভাগের দেওয়া নির্দেশনা অনুসারে এটি পাবলিক ইন্টারেস্টের (জনস্বার্থের) আওতায় পড়ে না। রিটটি প্রি-ম্যাচিউর (অপরিপক্ব)। কেননা, এখানে আইন করার কথা রয়েছে, অথচ আইনটি হয়নি। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংবিধানপ্রণেতারা প্রথম থেকে রেখেছেন। ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল জায়গায় ফিরে যাওয়া হয়েছে। এতে সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন হয়নি।