ষোড়শ সংশোধনীর রায় বাতিলের দাবি ১৪ দলের

ষোড়শ সংশোধনী বাতিলের রায় আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। দলটির নেতারা বলেছেন, রায়ের পর্যবেক্ষণের কিছু বিষয় অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা রায় বাতিল চান।
গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। তবে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, রায়কে আওয়ামী লীগ নেতারা যেভাবে প্রশ্নবিদ্ধ করার কৌশল নিয়েছেন, ১৪ দলের নেতারাও একই কৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছেন।

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, বৈধ সংসদ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে রায়ে যে পর্যবেক্ষণ রয়েছে, তা ১৪ দল প্রত্যাখ্যান করছে। এই রায় বাতিল করতে হবে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে দেশের মানুষ জানে। বঙ্গবন্ধু যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, তা চন্দ্র-সূর্যের মতোই সত্যি। এটা নিয়ে রায়ে যা বলা হয়েছে তা জনগণ মেনে নেবে না, ক্ষমা করবে না। সুতরাং এ রায়ের পুনর্বিবেচনা জরুরি।’ এ রায়ে জাতীয় সংসদকে কটাক্ষ করা হয়েছে দাবি করে জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এ রায় বাতিল করতে হবে। বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করা হয়েছে। সুতরাং এটা উদ্দেশ্যপ্রণোদিত, বিষয়বহির্ভূত ও অপ্রাসঙ্গিক। মুক্তিযুদ্ধ ও জনগণের শক্তিকে ম্লান করার জন্যই এ রায় দেওয়া হয়েছে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, এ রায়ে সংসদকে অবমাননা করা হয়েছে। বিএনপি-জামায়াত যেন চক্রান্ত করতে পারে, সে সুযোগ করে দেওয়া হয়েছে।