ষোড়শ সংশোধনীর রায় বাতিলের প্রতিক্রিয়ায় বিশিষ্টজনেরা উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ থেকে যে ধরনের ক্রিয়া-প্রতিক্রিয়া প্রকাশ করা হচ্ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্টজনেরা।

আজ রোববার দেশের ২৫ জন বিশিষ্ট নাগরিকের পাঠানো এক বিবৃতিতে তাঁরা এই উদ্বিগ্ন হওয়ার কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ থেকে যে ধরনের ক্রিয়া-প্রতিক্রিয়া প্রকাশ করা হচ্ছে, তাতে দেশের নাগরিক হিসেবে আমরা বিচলিত ও উদ্বিগ্ন। সর্বোচ্চ আদালতের রায়ের রাজনীতিকরণ কিংবা রায় নিয়ে অতি উৎসাহ ব্যক্ত করা—দুটিই আদালতের মর্যাদা ও সৃজনশীলতার জন্য ক্ষতিকর। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে আদালতই যেহেতু শেষ ভরসাস্থল, তাই তাকে দুর্বল করার যেকোনো পদক্ষেপই সম্পূর্ণ অনভিপ্রেত ও অত্যন্ত দুঃখজনক। জনগণের সার্বিক স্বার্থকে বিবেচনায় নিয়ে সর্বোচ্চ আদালতের মর্যাদাহানি ঘটে, এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে সব মহলের প্রতি আমরা সনির্বন্ধ অনুরোধ জানাই।’

এই ২৫ বিশিষ্ট নাগরিকদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক অজয় রায়, মানবাধিকারকর্মী হামীদা হোসেন, রবীন্দ্র গবেষক আহমেদ রফিক, তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মো. শহীদুল্লাহ, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আহ্বায়ক বদিউল আলম মজুমদার, অর্থনীতিবিদ স্বপন আদনান, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আইন বিশেষজ্ঞ শাহদীন মালিক, স্বাস্থ্য আন্দোলনকর্মী জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আসিফ নজরুল, নৃবিজ্ঞানী ও কলাম লেখক রেহনুমা আহমেদ, আইনজীবী সারা হোসেন, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ।