ষোড়শ সংশোধনীর রায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাবেক দুই আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ এক আইনজীবী সাক্ষাৎ করেছেন। প্রধান বিচারপতির কার্যালয়ে তাঁর সঙ্গে গতকাল দুপুরে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ও আবদুল মতিন খসরু এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন সাক্ষাৎ করেন।

আইনজীবী শফিক আহমেদ বলেন, গণতন্ত্র বিকাশের স্বার্থে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে কোনো অবস্থাতেই যাতে দূরত্ব সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনজীবীদের ভূমিকা রাখার জন্য বলেছেন প্রধান বিচারপতি।

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘এটি সৌজন্য সাক্ষাৎ, তিনজন ছিলাম। প্রধান বিচারপতি ডেকেছিলেন। ষোড়শ সংশোধনী নিয়ে রায়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আলোচনার প্রেক্ষাপটে বলেছি, মামলার বিষয়বস্তু ছিল ৯৬ অনুচ্ছেদ। মামলার রায়ে সংসদ, নির্বাচন কমিশন ও মুক্তিযুদ্ধে একক নেতৃত্বের বিষয়সহ নানা বিষয় এসেছে।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু বলেন, ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। প্রধান বিচারপতি ডেকেছিলেন। বিচার বিভাগের ভাবমূর্তি ও বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা যাতে কোনোভাবে ক্ষুণ্ন না হয়, সে জন্য সম্মিলিতভাবে কাজ করব—এ কথা বলেছি।’