ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে ব্যথিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ বলেছেন, তাঁরা প্রধান বিচারপতিকে শ্রদ্ধা করেন। সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়েও তাঁরা কিছু বলতে চান না। তবে রায়ের যে পর্যবেক্ষণ এসেছে, তাতে তাঁরা ব্যথিত হয়েছেন।

গতকাল সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত এক আলোচনা সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, সকল ক্ষমতার উৎস জনগণ। সংসদ রাষ্ট্রপতি নির্বাচন করে। এই সংসদকে অপরিপক্ব বলা হলে কষ্ট হয়। তিনি ষোড়শ সংশোধনী–সংক্রান্ত মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে থাকা ড. কামাল হোসেন ও আমীর-উল ইসলামের ভূমিকার সমালোচনা করেন। তোফায়েল আহমেদ বলেন, বিশ্বের বহু দেশে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে। বাংলাদেশের সাংসদেরা সর্বসম্মত হয়ে ’৭২–এর সংবিধান পুনঃস্থাপন করেছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রায়ের পর আওয়ামী লীগ চুপ ছিল। কিন্তু যখন বিএনপি একতরফা এই রায় নিয়ে কথা বলা শুরু করে, রায়কে হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করে, তখন আওয়ামী লীগ কথা বলা শুরু করে। বিএনপি যত দিন এই রায় হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করবে, আওয়ামী লীগেরও কথা বলা বন্ধ হবে না। তোফায়েল আহমেদ বলেন, তিনি অবাক হন, যখন দেখেন গণমাধ্যম এই রায়ের পক্ষে কথা বলে। যাঁরা বিপক্ষে বলেন তাঁদের সমালোচনা করে। বিএনপি প্রতিশোধের আগুনে পুড়ছে বলে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সমালোচনা করে। খায়রুল হক অন্যতম শ্রেষ্ঠ প্রধান বিচারপতি ছিলেন।

জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জাসদ বঙ্গবন্ধু সরকারের রাজনৈতিক বিরোধী ছিল। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর সামরিক শাসনের সঙ্গে, মোশতাকের সঙ্গে আপস করেনি। জাসদ প্রতিবাদ মিছিল করেছিল। তিনি বলেন, প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ে বঙ্গবন্ধুকে খাটো করেছেন।

অন্যান্যের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।