সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদনের বিষয়ে শিগগির শুনানি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের আলোচনায় আইনমন্ত্রী এই তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের মামলাটি বর্তমানে আপিল বিভাগে রিভিউয়ের জন্য আছে। আমরা সুপ্রিম কোর্টের রুলসের এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অব দ্য রেকর্ড গ্রাউন্ডে এই রিভিউ চেয়েছি।’
আনিসুল হক বলেন, ‘এ মামলায় রিভিউয়ের জন্য আমাদের যথেষ্ট মেরিট আছে। মামলাটি শুনানির জন্য আমরা ইতিমধ্যে আপিল বিভাগের কাছে অনুরোধ জানিয়েছি। আপিল বিভাগ শিগগির মামলাটির শুনানি করবেন বলে আমাদের জানিয়েছেন।’
এর আগে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক আইনমন্ত্রীর কাছে ষোড়শ সংশোধনীর রিভিউয়ের অবস্থা কী, তা জানতে চেয়েছিলেন।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়।
এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের ৯ আইনজীবী হাইকোর্টে রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। এই আপিল ২০১৭ সালের ৩ জুলাই খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। পরে রাষ্ট্রপক্ষ রিভিউয়ের আবেদন করে।