সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, পদ্মা সেতু নির্মাণের কোনো স্তরে তিনি কোনো অনিয়ম করেননি, অবৈধ কাজের প্রশ্রয় দেননি, কারও দ্বারা প্রভাবিত হননি এবং পদ্মা সেতু নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হয়নি।সাবেক যোগাযোগমন্ত্রী মনে করেন, পদ্মা সেতু দেশীয় ষড়যন্ত্র ও বিশ্বরাজনৈতিক কূটচালের শিকার। তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের প্রতিটি স্তরে স্বচ্ছতা, সততা, জবাবদিহি ও একাগ্রতা শতভাগ নিশ্চিত করা হয়েছে।গত রোববার পাঠানো এক বিবৃতিতে সৈয়দ আবুল হোসেন আরও বলেন, পদ্মা সেতু নির্মাণে সর্বোচ্চ স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করা সত্ত্বেও বিশ্বব্যাংক যে যুক্তিতে ঋণচুক্তি বাতিল করে বাংলাদেশের ওপর দোষারোপ করেছে, তা অপ্রত্যাশিত ও অত্যন্ত দুঃখজনক। বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করার ঘটনা দেশ এবং বিশেষভাবে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের জন্য অত্যন্ত বিব্রতকর ও হতাশাজনক।আবুল হোসেন বলেন, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ও মহলের অসত্য অভিযোগের ভিত্তিতে ‘সম্ভাব্য দুর্নীতির আশঙ্কায়’ ঋণচুক্তি বাতিল বিশ্বব্যাংকের ইতিহাসে নজিরবিহীন ও অনভিপ্রেত এবং এটা বাংলাদেশের ১৬ কোটি জনগণের প্রতি এক চরম অবিচার। বিভিন্ন স্বার্থান্বেষী ব্যক্তি ও মহলের অসত্য অভিযোগ এবং সেই অসত্য অভিযোগ গ্রহণ করে, সেই অজুহাতে, বিশ্বব্যাংক পদ্মা সেতুর নির্মাণকাজ তিন বছর পিছিয়ে দিয়েছে।সবশেষে আবুল হোসেন দুদককে অনুরোধ করে বলেন, ‘পদ্মা সেতুর মূল কাজের মতো বিশ্বব্যাংকের অভিযোগ করা নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগ কার্যক্রম নিয়েও যেন দুদক নিরপেক্ষভাবে তদন্ত-প্রক্রিয়া শেষ করে এবং তা দেশবাসী ও বিশ্বব্যাংককে জানানোর ব্যবস্থা করে।