ষড়যন্ত্র করিনি: মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘গণস্বার্থের বিপক্ষে রাজনীতি করিনি, বিশৃঙ্খলা করিনি, ষড়যন্ত্র করিনি। কোনো ছলচাতুরী করে নির্বাচনের নামে ক্ষমতা দখলের কায়দাও করিনি।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও নাগরিক ঐক্য আয়োজিত মানববন্ধনে মান্না এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, যাঁরা মনে করছেন, একবার জিতে পুলসিরাত পার হয়ে গেছেন; যাঁরা মনে করছেন, রাজনৈতিক দলগুলো সব মাথা নুয়ে ফেলেছ, তারাও ভুল করছেন।

মান্না বলেন, ‘কেউ যদি মনে করেন, একবার ক্ষমতা পেয়েছি, ওই ক্ষমতার দাপটে টিকে থাকব। তাহলে তাঁরা বোকার স্বর্গে বাস করছেন। আমরা অনুরোধ করি, আপনাদের বিবেকের কাছে মিনতি করি, আপনারা শুভবুদ্ধির কাছে আত্মসমর্পণ করেন। পুরো দেশকে একটা ভয়ের চাদরে ঢেকে দিয়েছেন। কাউকে কথা বলতে দিচ্ছেন না।’

মান্না আরও বলেন, ‘প্রিন্ট বলেন, ইলেকট্রনিক বলেন—সব গণমাধ্যমের ওপর অকথিত, অঘোষিত সেন্সর চালু করে দিয়েছেন। এ রকম করে টিকে থাকা যাবে না। যদি মনে করেন মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কণ্ঠ বন্ধ করে দিতে পারবেন, ওই কণ্ঠগুলো বন্ধ হবে না।’

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, গ্যাসের দাম বৃদ্ধির জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যে যুক্তি দিয়েছে, ইতিমধ্যে তা মিথ্যায় প্রতিপন্ন হয়েছে। গ্যাসের দাম বাড়ানোর পক্ষে বিইআরসি বা সরকার যুক্তি দেখাতে পারেনি। এ জন্য অবিলম্বে গ্যাসের দাম কমানোর আহ্বান জানান। গতকাল বুধবার সিপিবি-বাসদের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলারও প্রতিবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘বিএনপি নাকি এর আগে “র” এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় এসেছিল। উনি কি আসলে জনগণকে সাবধান করতে চেয়েছেন নাকি—ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, সেটাই বলতে চেয়েছেন তা আমরা জানি না। আপনার যেহেতু দালালি সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, সুতরাং আশা করব তিস্তা পানি চুক্তি করে আপনি দেশে ফিরে আসবেন।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য মমিনুল ইসলাম, জিল্লুর রহমান, শহিদুল্লাহ কায়সার প্রমুখ।