ষড়যন্ত্র করে অস্ত্রসহ ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে ৬ মে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী বেনজির আহমেদ বাবু খানকে (৪৮) নির্দোষ দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।সংবাদ সম্মেলনে বেনজিরের স্ত্রী এনামা খাতুন বলেন, ‘আমার স্বামী নির্দোষ। তাঁকে ব্যবসায়িক স্বার্থে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করানো হয়েছে।’বেনজিরের ছেলে ইমরান খান জানান, ৬ মে রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব সদস্যরা তাঁদের বাড়িতে যান। এরপর তাঁর বাবাকে গ্রেপ্তার করে ঘরে তল্লাশি চালান। এ সময় বারান্দায় চৌকির ওপর থেকে পলিথিনে মোড়ানো দুটি এলজি ও পাঁচটি রাইফেলের গুলি উদ্ধার করে। ইমরান দাবি করেন, পুরো ঘটনাটি সাজানো।মামলার তদন্ত কর্মকর্তা কাফরুজ্জামান বলেন, তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। দুটি অবৈধ অস্ত্র বাড়ির বারান্দায় কেউ ফেলে রাখে না।’