ষড়যন্ত্র পরাজিত হয়েছে: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল থাকায় আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবি: সাহাদাত পারভেজ
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল থাকায় আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবি: সাহাদাত পারভেজ

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি আপিল বিভাগে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, এই রায়ে ষড়যন্ত্র পরাজিত হয়েছে, রাজপথের আন্দোলন বিজয়ী হয়েছে।
সকাল সাড়ে আটটা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা। ফাঁসির রায় বহাল থাকার খবর পাওয়ার পর মঞ্চের কর্মী-সংগঠকেরা উল্লাস করেন। শাহবাগ থেকে আনন্দ মিছিল করে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার শাহবাগে ফিরে আসেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, ‘এই রায়ের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে। ধনকুবের যুদ্ধাপরাধী মীর কাসেমকে রক্ষার জন্য দেশবিরোধী অপশক্তির সব ষড়যন্ত্রের চূড়ান্ত পরাজয় হয়েছে এই রায়ের মাধ্যমে। প্রমাণিত হয়েছে, ন্যায্য আন্দোলনের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই বাধা হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘এই রায় প্রদান করে আদালত প্রমাণ করেছেন, তাঁরা আপস করেননি বরং ন্যায়বিচার নিশ্চিত করে যুদ্ধাপরাধী অপশক্তির ষড়যন্ত্রের যবনিকাপাত ঘটিয়েছেন। কালক্ষেপণ না করে অচিরেই রায় কার্যকরের ব্যবস্থা করা হোক।’ এর সঙ্গে তিনি যোগ করেন, আজ মহান নারী দিবসে মুক্তিযুদ্ধে যে প্রায় চার লাখ নারী নির্যাতনের শিকার হয়েছেন, তাঁরাও সুবিচার পেলেন। একই সঙ্গে মীর কাসেমের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আহ্বান জানান ইমরান।