দেরিতে হলেও মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে গণফোরাম। তবে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের যেকোনো ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দলটি। গতকাল শুক্রবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি পরিষদের সভা থেকে দেশবাসীর প্রতি এ আহ্বান জানানো হয়। ড. কামাল হোসেন এতে সভাপতিত্ব করেন। এ সময় পরিষদের সদস্য কমান্ডার (অব.) আবদুর রউফ, মো. সামসুদ্দোহা, সাবেক হুইপ আবদুর রউফ, মোকাব্বির খান, সুব্রত চৌধুরী, জামাল উদ্দিন আহমেদ, আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে উচ্চ আদালতের রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করা হয়। এর ফলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার সুর্বণ সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করে দলটি। তবে রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন গণফোরামের নেতারা। এ জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।