ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও পানি নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ সময়ে পানির সমস্যা থাকার কথা নয়। আবার ইফতার ও সেহিরর সময় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।শেখ হাসিনা বলেন, ‘বিএনপির পাঁচ বছর আর তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বাড়লেও উৎপাদন করা হয়নি। বর্তমান সরকার মাত্র আড়াই বছরেই দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করেছে। আমরা সমস্যাগুলো সম্পর্কে অবগত। আমরা বসে নেই, সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, বিরোধী দল আন্দোলনের নামে যতই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত থাকুক, যারা জনগণের অর্থ-সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, যারা মানবতাবিরোধী যুদ্ধাপরাধী, তাদের বিচার বাংলার মাটিতে হবে।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) সংবিধান, সর্বোচ্চ আদালত, সংসদ, আদালতের রায় কিছুই মানেন না। তবে তিনি কী চান? একটি দেশে এ ধরনের স্বেচ্ছাচারিতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।শেখ হাসিনা বলেন, সংবিধান অনুযায়ী খালেদা জিয়া সাংসদ হয়েছেন, বিরোধীদলীয় নেতার সুযোগ-সুবিধা ভোগ করছেন। তিনিই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চান। তিনি বলেন, খালেদা জিয়া মতিঝিলের এক সমাবেশ থেকে এরশাদকে তাঁর স্বামীর হত্যাকারী বলেছিলেন। কিন্তু সেই এরশাদের কাছ থেকেই তিনি সেনাবাহিনীর সম্পদ ক্যান্টনমেন্টের বাড়িটি অবৈধভাবে নিয়েছিলেন। সেনাবাহিনী তাঁদের সম্পদ ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিলে খালেদা জিয়াই আদালতে গিয়েছিলেন।বিরোধীদলীয় নেতার প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় কোষাগার থেকে এত টাকা খরচ করে আপনার ছেলেরা কী ডিগ্রি অর্জন করেছে? দুর্নীতি, অর্থ পাচার, জঙ্গিবাদ সৃষ্টি এবং গ্রেনেড হামলা, মাদক সেবন—এসবই কী ডিগ্রি নিয়েছে?’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট পাঁচ বছরে দেশের কোনো উন্নয়ন করেনি। দেশের অর্থ লুটেপুটে খেয়ে অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে রেখে গেছে। মহামন্দার মধ্যে ক্ষমতা গ্রহণ করেও আমরা দেশের অর্থনীতির চাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সবার রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, নগর আওয়ামী লীগের নেতা ফয়েজউদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, হাজি মোহাম্মদ সেলিম ও আওলাদ হোসেন। সভা পরিচালনা করেন শাহ আলম মুরাদ।