ষড়যন্ত্রকারী, আত্মীয় ও লুটেরাদের ব্যাংক দিচ্ছে সরকার: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, লুটেরা, ষড়যন্ত্রকারী ও ক্ষমতাসীন মহাজোটের লোকজনকে ১৫টি নতুন ব্যাংকের অনুমতি দিতে যাচ্ছে। গতকাল শনিবার ঢাকায় এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি দাবি করেন, পুঁজিবাজার থেকে এক হাজার কোটি টাকা লুটে নিয়েছেন দরবেশ বলে খ্যাত আওয়ামী লীগের এক নেতা।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের অর্থনীতি এখন বিপর্যস্ত। অথচ এ অবস্থার মধ্যে সরকারদলীয় বিবেচনায় ১৫টি ব্যাংকের অনুমতি দিতে যাচ্ছে। লুটেরাদের আবার ব্যাংক দিয়ে খুশি করা হচ্ছে। নতুন এই ব্যাংকের মালিকদের নামের তালিকায় সব ক্ষমতাসীনদের আত্মীয়স্বজনের নাম রয়েছে। এই তালিকায় মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির প্রধান এরশাদের নামও আছে। নাম আছে ১/১১-এর ষড়যন্ত্রকারী মইন উ আহমেদের ভাইয়ের নামও। মির্জা ফখরুল অভিযোগ করেন, যারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, দেশকে পিছিয়ে দিয়েছে, তাদের ব্যাংক দেওয়া হচ্ছে। বিএনপি টাকা নেয়নি: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, বিএনপি কখনোই বিদেশ থেকে টাকা এনে নির্বাচন করেনি। এ বিষয়ে প্রধানমন্ত্রী জোরেশোরে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, এভাবে মিথ্যাচার করে কোনো লাভ হবে না।’ মির্জা ফখরুল পাল্টা অভিযোগ করেন, আওয়ামী লীগই ২০০৮ সালের নির্বাচনের আগে প্রতিবেশী দেশের কাছ থেকে বস্তা বস্তা টাকা এনে নির্বাচন করেছে। ওই ঘটনা ধামাচাপা দিতে বিএনপির টাকা নেওয়ার মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। তিনি বলেন, জনশ্রুতি আছে, ১৯৯৬ সালের নির্বাচনে জিততে আওয়ামী লীগকে জাফরউল্লাহ চৌধুরী ও সালমান এফ রহমান সহযোগিতা করেছিলেন।পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে ১৯৯১ সালের নির্বাচনের সময় বিএনপি পাঁচ কোটি টাকা নিয়েছিল বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি ঘোরাতে এসব বানোয়াট কথা প্রচার করছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একটি সরকারি সংস্থা। এ সংস্থাকে দিয়ে সরকার এক ধরনের মিথ্যাচার চালাচ্ছে। বিএনপি এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে।একই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের দুই নেতা আইএসআইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে জনশ্রুতি আছে।বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হাবিব-উন-নবী খান।