ষড়যন্ত্রকারী একটি চক্রকে মদদ দিচ্ছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অভিযোগ করেছেন, একটি চক্র বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যুদ্ধাপরাধীদের বিচার ও দেশের উন্নয়নমূলক কাজে বাধার সৃষ্টি করছে। আর বিএনপি ও খালেদা জিয়া তাদের মদদ দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ওই চক্রের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।গাজীপুর সরকারি মহিলা কলেজে গতকাল শনিবার নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এ অভিযোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এখন কোনো জঙ্গিবাদ নেই; চাঁদাবাজি ও সন্ত্রাস অনেক কমে গেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সবার সহযোগিতার ফলে এটা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ২০১৮ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত ও ২০২১ সালের মধ্যে ডিজিটাল করা হবে।পরে স্বরাষ্ট্রমন্ত্রী ওই মহিলা কলেজ কর্তৃপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে কলেজের পাশের পুরোনো কারাগারের জায়গা কলেজের নামে বরাদ্দ পেতে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ জাহিদ আহসান, গাজীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আবদুল মালেক সরকার প্রমুখ।