ষড়যন্ত্রকারীদের খুঁজতে পদক্ষেপের অগ্রগতি জানাতে হবে ৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কমিশন বা কমিটি গঠন ও এ বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি জানাতে সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ৯ মে পর্যন্ত সময় দিয়ে ওই দিন পরবর্তী আদেশের জন্য রেখেছেন।
গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলের পাশাপাশি কমিটি বা কমিশন গঠন এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার অগ্রগতি জানিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস আট সপ্তাহ সময়ের আবেদন জানান। এর আগে ১৪ ফেব্রুয়ারি একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনসহ কয়েকটি দৈনিকের প্রতিবেদন নজরে এলে পরদিন আদালত স্বতঃপ্রণোদিত রুলের পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন।