পদ্মা সেতু নির্মাণ চুক্তি ও দুর্নীতির মিথ্যা গল্প বানানোর নেপথ্যের প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে ও তাঁদের বিচারের মুখোমুখি করার বিষয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত রুল দেন।
রুলে আইন অনুসারে তদন্ত কমিশন বা তদন্ত কমিটি গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না এবং দোষী ব্যক্তিদের কেন বিচারের আওতায় আনা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র, আইন, যোগাযোগ সচিব, পুলিশের মহাপরিদর্শক ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি কমিটি বা কমিশন গঠন এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার অগ্রগতি জানিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে।