
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরিকল্পনায় পরোক্ষভাবে দেশি-বিদেশি কিছু লোক ও সংস্থা জড়িত ছিল। তাদের চিহ্নিত করতে একটি কমিশন গঠনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে চিন্তা করছে।
আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে আইনমন্ত্রী এই কথা বলেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরের সাংসদ মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশে বাংলাদেশ আওয়ামী লীগ পরপর দুবার সরকার গঠন করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পূর্বে ষড়যন্ত্রের ব্যাপারে অনেক তথ্য প্রকাশ পায়, যাতে দেখা যায়, পরোক্ষভাবে দেশি ও বিদেশি কিছু লোক ও সংস্থা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
বঙ্গবন্ধু হত্যার বিচারের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এখনো যেসব খুনি বিভিন্ন দেশে পালিয়ে এবং আশ্রয় গ্রহণ করে আছে তাদের দেশে ফিরিয়ে আনার সব প্রচেষ্টা অব্যাহত আছে।
সরকারি দলের সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশে বিভাগওয়ারি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে সরকার চিন্তা-ভাবনা করছে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। যদি সরকার মনে করে যে, বিভাগ-ওয়ারি হাইকোর্ট বেঞ্চ স্থাপনের প্রয়োজন আছে, তাহলে জনগণের কল্যাণের কথা চিন্তা করে দেশের বিভাগগুলোতে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।