ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিচ্ছি: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সকালে মিরপুরের রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নীরবতা পালন করেন‍ l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সকালে মিরপুরের রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নীরবতা পালন করেন‍ l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা দেশের মুক্তিযুদ্ধের চেতনা ও অর্থনৈতিক উন্নতিকে ধ্বংস করতে চায়, তাদের বিষদাঁত একে একে ভেঙে দিচ্ছি, ভেঙে দেব।’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘যারা এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায়, অর্থনৈতিক উন্নতি ধ্বংস করতে চায়, দেশকে আবার গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়; তাদের ষড়যন্ত্র চলছে, চলবে। এই ষড়যন্ত্র ভেদ করেই আমরা এগিয়ে যাব। কারণ, আমি বিশ্বাস করি, তারা আগামীতে এই ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। তাদের সেই বিষদাঁত একে একে ভেঙে দিচ্ছি, ভেঙে দেব। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাব।’
বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে খালেদা জিয়ার স্মৃতিসৌধে যাওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ টিভিতে দেখলাম খালেদা জিয়া শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গেছেন। যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, যারা রাজাকার বাহিনীর প্রধান, আলবদর বাহিনীর প্রধান, এসব বাহিনী গড়ে তুলে হত্যাযজ্ঞ ঘটিয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর; তাদের গাড়িতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দিয়েছে। সেই খুনিদের বাঁচানোর জন্য তিনটি মাস শত শত মানুষকে আন্দোলনের নামে আগুনে পুড়িয়ে মারলেন। সেখানে তিনি যান বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে। এটা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘উনি মনে করেন মানুষ কিছুই বোঝে না। মানুষ সব বোঝে। আবার দেখি অনেক মুক্তিযোদ্ধা তাঁর সঙ্গে যায়। তাদের একটু লজ্জা হওয়া উচিত, কোথায় তারা যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে? তারাই বা কেমন মুক্তিযোদ্ধা! অপরাধীদের যারা আশ্রয়-প্রশ্রয় দেয় তাদের সঙ্গে গিয়ে হাজির হয় কীভাবে? কোন মুখে? এদের যদি একটু লজ্জা-শরম থাকত, তাহলে বোধ হয় এভাবে যেতে পারত না।’
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানকে অনেকে অনেকভাবে উপস্থাপন করতে চায়। তাঁকে স্বাধীনতার ঘোষক বলা হয়। তিনি মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত। কিন্তু তিনি সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা হলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদের ক্ষমতায় বসাতেন না।
শেখ হাসিনা বলেন, ‘আমার খুব অবাক লাগে, যখন কেউ ফোন করে মানবাধিকারের কথা বলেন। আমি শুধু প্রশ্ন করি, কার মানবাধিকার? খুনিদের মানবাধিকার? তাহলে আমরা যারা ভিকটিম, আমাদের বিচার পাবার অধিকার নেই? খুনিদের মানবাধিকার নিয়ে সবাই দুশ্চিন্তাগ্রস্ত। নানা ধরনের চাপ, বাধা। শত বাধা উপেক্ষা করে আজকে আমরা রায়গুলো কার্যকর করতে পারছি। এ জন্য আমি বাংলার জনগণ ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ মানেই ভিক্ষা, সাহায্য পেয়ে চলতে হবে। যারা দিত, তারাও পেয়ে বসেছিল আমাদের। প্রতিটি ক্ষেত্রে জোর করা এবং জোর করে ভিক্ষা খাওয়ানো—এ রকম একটা অবস্থা করা হয়। আমরা ক্ষমতায় এসেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। কারও কাছে আমরা মাথা নত করব না, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। ধার করে ঘি খাওয়ার চেয়ে, নিজের শক্তিতে নুন-ভাত খাওয়া অনেক মর্যাদার।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।