
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা শিশুদের খুব ভালোবাসতেন। তাই তাঁর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে আমরা জাতীয় শিশু দিবস পালন করছি।’
প্রধানমন্ত্রী বলেন, যে অশুভ শক্তি একাত্তরে পরাজিত হয়েছিল, তারাই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তারা এখনো সক্রিয় থাকলেও আজকে অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছি। তাদের রায় কার্যকর করেছি, দেশ কলঙ্কমুক্ত হয়েছে। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে প্রধানমন্ত্রী সকাল সাতটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংসদ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল গভীর শ্রদ্ধায় দিবসটি পালিত হয়। টুঙ্গিপাড়ার সমাবেশে শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা পড়াশোনা করো। খেলাধুলা, সংস্কৃতি ও পড়াশোনা—এই সব দিকে তোমাদের আরও আত্মনিবেদন করতে হবে, যাতে ভবিষ্যতের জন্য সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তোমাদের একটাই সম্পদ দিয়ে যাব, যা আমাদের পিতা-মাতার কাছ থেকেও আমরা পেয়েছি। যত দূর পর্যন্ত পারো লেখাপড়া করো।’
শিশু রাবেয়াতুজ্জামানের সভাপতিত্বে এদিনের অনুষ্ঠানে শিশু জিসান স্বাগত বক্তব্য দেয়। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এবং বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি আলেখ্যানুষ্ঠানও উপভোগ করেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় শিশু দিবস উপলক্ষে বইমেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
নানা কর্মসূচি: শিশু-কিশোর সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দেশব্যাপী পালিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। কর্মসূচির শুরুতে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর সেখানে শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে। আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (একাংশ), মহিলা শ্রমিক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু আইন পরিষদসহ অসংখ্য দল ও সংগঠন এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
দেশের জেলা ও উপজেলা সদরে নানা অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অঙ্গসংগঠন এই কর্মসূচি পালন করে। দিনটি পালনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে সারা দেশে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা: গতকাল সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাদুঘর পরিচালনা পরিষদের সভাপতি শিল্পী হাশেম খান এ প্রতিযোগিতা উদ্বোধন করেন। চার শতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়। এ সময় জাদুঘরের নতুন কিউরেটর নজরুল ইসলাম খান, পরিচালনা পর্ষদের সদস্য কবি রবিউল হুসাইন, শিল্পী আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।