দেশে যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। কোনো ষড়যন্ত্র এ বিচার রোধ করতে পারবে না। নিজামী যতই কান্নাকাটি করুক তার কৃতকর্মের ফল তাকে ভোগ করতেই হবে।গতকাল বুধবার সকালে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এ কথা বলেন। পাটচাষিদের মধ্যে ভর্তুকি প্রদান ও ভর্তুকি মূল্যে পাওয়ারটিলার বিতরণ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।আজ নিজামী কাঁদছে উল্লেখ করে সাজেদা চৌধুরী বলেন, ‘একাত্তরে তারা পাকিস্তানি সেনাদের পথ দেখিয়ে দিয়েছিল। আমার ভাই ও বোনদের হত্যা করেছিল। তখন তো তারা কারও কান্নার কোনো মূল্য দেয়নি। রাজাকারদের বিনাশ করতে আমাদের আরেকটি মুক্তিযুদ্ধে অংশ নিতে হবে।’ সংসদ উপনেতা বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। আজ হুজিসহ মানুষ হত্যাকারী দলগুলো একত্রিত হচ্ছে, ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর।