স ং ক্ষে পে সা রা দে শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকের মৃত্যু
ফরিদপুরে মেডিকেল কলেজের নির্মাণাধীন প্রশাসনিক ভবন থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। মৃত নির্মাণশ্রমিক মো. রবিন খান (৩২) রাজবাড়ী জেলার বড় নূরপুর গ্রামের মো. রশিদ খানের ছেলে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার নিহতের পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 ফরিদপুর অফিস।

বসতঘর উচ্ছেদ
মাদারীপুরের কালকিনিতে পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় আটটি বসতঘর উচ্ছেদ করেছেন মাদারীপুর জেলার নির্বাহী হাকিম মো. মাইনুদ্দিন। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। মাইনুদ্দিন জানান, একাধিকবার তাঁদের নোটিশ দেওয়া হলেও তাঁরা জমিটি দখলমুক্ত করেননি। তাই গতকাল এই উচ্ছেদ অভিযান চালানো হয়। তিনি বলেন, ‘জমির দাগসংক্রান্ত জটিলতার কারণে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেনের বসতবাড়ি উচ্ছেদ করা হয়নি। তবে শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’
 কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

তাৎক্ষণিক বদলি
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মসিউর রহমানকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এ-সংক্রান্ত আদেশ পেয়ে গতকাল মঙ্গলবার তিনি ফরিদপুর ছাড়েন। ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নূরুদ্দিন স্বাক্ষরিত আদেশ গত সোমবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় এসে পৌঁছায়। ওই আদেশে মসিউর রহমানকে অবিলম্বে ডিআইজি কার্যালয়ে প্রত্যাহার করে নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জেলার ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, ফরিদপুর কোতোয়ালি থানায় কর্মরত অবস্থায় মসিউরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে।
 ফরিদপুর অফিস।

ডে কেয়ার সেন্টার
চট্টগ্রাম সিটি করপোরেশন নগরে দুটি ডে কেয়ার সেন্টার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেয়র এম মন্জুর আলমের কার্যালয়ে কনসার্ন বাংলাদেশের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির কারিগরি সহায়তায় নগরের বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল ও বাকলিয়া নুরুল ইসলাম বিএসসি হাসপাতালে কেন্দ্রগুলো চালু করা হবে। প্রতিটি কেন্দ্রে ৫০ জন করে শিশুকে সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এসব কেন্দ্র দ্রুত চালু করতে করপোরেশন ও কনসার্ন বাংলাদেশ যৌথভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র এম মন্জুর আলম, কনসার্ন বাংলাদেশের এ দেশীয় পরিচালক এ কে এম মুসা, সমন্বয়ক জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ।
 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রেপ্তার ৭
চট্টগ্রাম নগরে পৃথক অভিযানে মলম পার্টির সদস্যসহ সাতজনকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির জানান, হালিশহর বড়পোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মলম পার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন হাসেম, ফেরদৌস, হাছান, আইনুল হক, ইমরানুল হক ও আবদুল জলিল। এদিকে নগরের বক্সিরহাট এলাকায় বিজয় ভূষণ নাথ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মদসহ গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরের মোহরা এলাকায় একটি মাইক্রোবাস থেকে বিদেশি মদ উদ্ধার করেছে চান্দগাঁও থানার পুলিশ। গত সোমবার রাতে কালুরঘাট সেতু হয়ে শহরে ঢোকার সময় ধাওয়া করে মদসহ চালককে আটক করা হয়। উদ্ধার করা মদের মধ্যে এক হাজার ১০০ বোতল হ্যানিকেন বিয়ার ও ৯২ বোতল বিদেশি মদ রয়েছে।
 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম