স ং ক্ষে পে সা রা দে শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারা ও অর্থদণ্ড
পাবনার ঈশ্বরদীতে এক জেএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অপরাধে গতকাল শনিবার দুই বখাটেকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের রায়হান হোসেন (১৮) এবং একই এলাকার রাসেল হোসেন (১৯)। রায়হানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও রাসেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে তারা দুজন প্রকাশ্যে উত্ত্যক্ত করে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।

অজ্ঞান পার্টি
টঙ্গীতে গতকাল শনিবার ভোরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইলিয়াস আলী (২৭) নামের ট্রেনের এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালীর সুধারাম থানার জাহানাবাদ গ্রামের আবদুর রশীদের ছেলে। পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ইলিয়াস গ্রামের বাড়ি থেকে নোয়াখালী এক্সপ্রেসে ওঠেন। ট্রেনে দুর্বৃত্তরা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তাঁর কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যায়। খবর পেয়ে রেল পুলিশ তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি।