স ং ক্ষে পে সা রা দে শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আউখাব এলাকায় বিক্ষোভ করেছে হারবেস্ট রিচ নামক (বেনেটেক্স) একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় তাঁরা কারখানায় ভাঙচুর চালান। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পোশাক কারখানায় প্রায় দুই হাজার শ্রমিকের গত দুই মাসের বেতন দেওয়া হয়নি। শ্রমিকেরা বেতনের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন। গত সোমবার কিছু শ্রমিকের বেতন পরিশোধ করা হয়। বেতন না পাওয়া অন্য শ্রমিকেরা গতকাল সকালে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে কারখানার ভেতরে ভাঙচুর চালান। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। l নারায়ণগঞ্জ প্রতিনিধি।

আদালতে সোপর্দ

মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন এক মা। গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার ধুনটে এ ঘটনা ঘটে। ধুনট পৌর এলাকার পশ্চিম অফিসারপাড়ার ময়না খাতুন তাঁর ছেলে মেহিদী হাসানকে (২২) ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেহিদী হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। l ধুনট (বগুড়া) প্রতিনিধি।