স ং ক্ষে পে সা রা দে শ
অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় সিঅ্যান্ডবি কলোনিতে গতকাল শনিবার এক অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে কলোনির একটি ঘরে আগুন লাগে। সেখান থেকে আগুন পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।
মামলা
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বিএনপি-জামায়াতের মিছিল থেকে আওয়ামী লীগের নেতা ও পুলিশের ওপর হামলা এবং বাসের কাউন্টার ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সোলায়মান সরদার বাদী হয়ে গত শুক্রবার রাত ১১টার দিকে উলিপুর থানায় মামলাটি করেন। বিএনপি-জামায়াতের ২৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও এক হাজার ২০০ মানুষকে আসামি করে মামলাটি করা হয়েছে। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।