স ং ক্ষে পে সা রা দে শ
পিস্তল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত থেকে গতকাল শনিবার সকালে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম জানান, বিজিবির সদস্যরা কিরণগঞ্জে গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরার চেষ্টা করলে তিনি একটি ব্যাগ ফেলে পলিয়ে যান। পরে সেই ব্যাগ থেকে দুটি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।
কারাদণ্ড
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হুগলীপাড়া এলাকার এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অপরাধে গতকাল শনিবার আবদুল্লাহ আল কাফি নামে এক তরুণকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া তরুণের বাড়ি নবাবগঞ্জ উপজেলার উড়াহার গ্রামে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।