স ম আলাউদ্দিন হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরার পত্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিন হত্যা মামলার দ্রুত বিচার এবং সাক্ষীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিন হত্যা মামলার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি এ কর্মসূচি আহ্বান করে। বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুস্তফা লুৎফুল্লাহ, বণিক সমিতির সভাপতি শেখ নুরুল হক, প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী, বাসদের নিত্যানন্দ সরকার, ভূমিহীন নেতা আলী নুর খান বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের আবদুল গফ্ফার, জাসদের নেতা আশেক-ই-এলাহী প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর উচ্চ আদালতে বিচারবন্দী থাকার পর স ম আলাউদ্দিন হত্যা মামলার বিচার কার্যক্রম আবার শুরু হয়েছে। কিন্তু প্রভাবশালী আসামিরা বিচার কার্যক্রম বিঘ্নিত করতে সচেষ্ট রয়েছে। সাক্ষীদের ভয়ভীতি এবং প্রলোভন দেখানো হচ্ছে। এ অবস্থায় সাক্ষীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত বিচার বাস্তবায়ন দাবি করা হয়।