সং ক্ষে পে সা রা দে শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলিন্ডার বিস্ফোরণ

চট্টগ্রামে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রফিকুল আলম (৩৫) নামের বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। রফিকের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রফিকুল আলম গুরুতর আহত হন। হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। l নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।

হরতাল পালিত

সুনামগঞ্জ জেলায় গতকাল বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ডাকে আধা বেলা হরতাল পালিত হয়েছে। সংগঠনের জেলা শাখার সহসভাপতি মাওলানা আফসর উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে এই হরতাল আহ্বান করে জমিয়ত। হরতাল চলাচালে শহরে মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। সকালে তাঁরা শহরে পিকেটিং করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। l সুনামগঞ্জ অফিস।

বিয়েবাড়ির পটকায়

ফরিদপুরে গত বুধবার রাত সাড়ে সাতটার দিকে মুহুর্মুহু পটকার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন শহরের ঝিলটুলী, নিলটুলী, আলীপুর মহল্লাবাসী। সন্ত্রস্ত শহরবাসীর মধ্যে ভীতির সঞ্চার হয়। হকচকিত সাধারণ মানুষের মতোই নড়েচড়ে ওঠেন পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরাও। পরে জানা যায়, ঝিলটুলী মহল্লায় অবস্থিত ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আওলাদ হোসেনের মেয়ের বিয়ের গায়েহলুদ অনুষ্ঠান উপলক্ষে এসব পটকা ফাটানো হয়েছে। l ফরিদপুর অফিস।