সং ক্ষে পে সা রা দে শ
মন্দিরে চুরি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদরে শ্রীশ্রীআনন্দময়ী দেবমন্দিরে দুঃসাহসিক চুরি হয়েছে। গত রোববার রাতে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরেরা কালীমূর্তির প্রায় ১০ ভরি সোনার ও ৩০ ভরি রুপার গয়না এবং পূজার সরঞ্জাম নিয়ে যায়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা জানান, রোববার রাতে তিনি সেবাইত পূজা শেষ করে মন্দিরে তালা লাগিয়ে চলে যান। গতকাল সোমবার ভোরে মন্দির খুলতে এসে চুরির ঘটনাটি টের পান।
টাঙ্গাইল প্রতিনিধি
ফাঁদ অপসারণ
ফরিদপুরে মধুমতী নদীতে আড়াআড়িভাবে দেওয়া একটি মাছ ধরার ফাঁদ অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের এবং নড়াইলের লোহাগড়া উপজেলার ইউএনও রেবেকা খান। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গার ইউএনও মোহাম্মদ আবুল খায়ের বলেন, অভিযানকালে ফাঁদ এলাকায় কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। আদালত পুরো ফাঁদটি অপসারণ করেছে। ফাঁদের বাঁশগুলো কেটে ভাসিয়ে দেওয়া হয় এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
ফরিদপুর অফিস