সংকট আর সংকট, মেঝেতে বসে পাঠদান
একটি ভবন থাকলেও সেটির অবস্থা জরাজীর্ণ। উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক, আসবাব আর প্রয়োজনীয় অবকাঠামো। বেঞ্চের অভাবে শিক্ষার্থীদের মেঝেতে বসেই পাঠ গ্রহণ করতে হয়। এই অবস্থায় চলছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বাঁশের বেড়া আর টিনের চালার ছোট একটি ঘরে ১৯৮৮ সালে বিদ্যালয়টির পথচলা শুরু। ১৯৯১ সালে বিদ্যালয়টির সরকারি স্বীকৃতি মিললেও শিক্ষকদের অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৯৯৪ সালে চার কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করে দেওয়ার পাশাপাশি কিছু আসবাবপত্র সরবরাহ করলেও বিদ্যালয়টিতে সমস্যার অন্ত নেই।বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক চাকরি ছাড়েন ১৯৯৭ সালে। আর সহকারী শিক্ষক রফিকুল ইসলাম অবসরে যান ২০১০ সালে। এর পর প্রধান শিক্ষক পদে একজন নারী শিক্ষক নিয়োগ দেওয়া হলেও বর্তমান নিয়োগবিধি-সংক্রান্ত জটিলতার কারণে বাকি শূন্য পদে আর কোনো শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রধান শিক্ষকসহ মোট তিনজন শিক্ষককেই নিয়মিত পাঠদান করতে হচ্ছে। দাপ্তরিক কাজের পাশাপাশি শৌচাগারসহ বিদ্যালয়ের পরিচ্ছন্নতার কাজও করতে হয় এ তিন শিক্ষককেই। বছর খানেক আগে বিদ্যালয় পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়ে একজন নারী শিক্ষককে পাঠদানের অনুমতি দিয়েছে। তাঁর বেতন দেওয়া হয় কর্মরত তিন শিক্ষকের অনুদান থেকেই। শিক্ষকেরা জানান, বিদ্যালয়টিতে বর্তমানে ২৫০ জন শিক্ষার্থীর স্থান সংকুলান তিনটি শ্রেণীকক্ষে না হওয়ায় গাদাগাদি করে বসতে হয়। এর পর আবার বেঞ্চস্বল্পতার কারণে মেঝেতে বসেই শিক্ষার্থীদের ক্লাস করতে হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উৎপল রায় বলেন, প্রথম আলোর সহায়ক তহবিলের অনুদানে মেঝে ও শৌচাগার ব্যবহারের উপযোগী করাসহ পানীয়জলের ব্যবস্থা করা হয়। বেঞ্চ মেরামতসহ ক্রয় করা হয় টেবিল ও চেয়ার। এর পরেও অনেক সমস্যা রয়ে গেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীথিকা রায় বলেন, ফলাফল ভালো করার কারণে বিদ্যালয়টিতে একদিকে যেমন বাড়ছে শিক্ষার্থী, তেমনি বাড়ছে সমস্যা। বর্তমানে শ্রেণীকক্ষ, শিক্ষক ও বেঞ্চস্বল্পতাই বিদ্যালয়টির প্রধান সমস্যা। এসব সমস্যার কারণে পাঠদান চরমভাবে বিঘ্নিত হচ্ছে।