সংকট আর সমস্যায় জর্জরিত শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সমস্যার শেষ নেই। শিক্ষকসংকট, শ্রেণীকক্ষের স্বল্পতা, প্রয়োজনীয় আসবাবপত্রের অভাব, শৌচাগার সংকট, গ্রন্থাগারের সমস্যাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ইনস্টিটিউটের কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৫ সালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার টেকনিক্যাল রোড এলাকায় প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। এখানে উচ্চমাধ্যমিক সমতুল্য ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ নামে একটি কোর্স চালু রয়েছে। এ কোর্সের বিপরীতে তিনজন সহকারী অধ্যাপক ও চারজন প্রভাষক মিলে মোট সাতজন শিক্ষক থাকার কথা। এর মধ্যে শুধু একজন সহকারী অধ্যাপক ও একজন প্রভাষক আছেন। বাকি পাঁচজন শিক্ষকের পদ দেড় বছর ধরে শূন্য। অফিস সহকারী, হিসাবরক্ষকসহ তৃতীয় শ্রেণীর পাঁচটি পদের বিপরীতে সব কটি শূন্য রয়েছে। তবে চতুর্থ শ্রেণীর তিনটি পদের বিপরীতে দুজন কর্মরত রয়েছেন। একাধিক শিক্ষার্থী জানান, প্রতিষ্ঠানটিতে সব কটি বিষয়ের প্রয়োজনীয় শিক্ষক নেই। ফলে শিক্ষকের অভাবে পাঠ্যসূচি শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হয়। প্রায় ৩০০ শিক্ষার্থীর এ কলেজে একটি গ্রন্থাগার থাকলেও গ্রন্থাগারিকের অভাবে বছরের পর বছর ধরে সেটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। শিক্ষকেরা জানান, শুধু অর্থনীতি ও হিসাববিজ্ঞানের শিক্ষক আছেন। বাংলা, ইংরেজি, অর্থনীতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাণিজ্যিক ভূগোল ও টাইপ বিষয়ে পাঠদানে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। অর্থনীতি ও হিসাববিজ্ঞানের শিক্ষকেরাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষার্থীদের সেসব বিষয়ে ক্লাস নিচ্ছেন। খোদ কলেজ অধ্যক্ষকে প্রতিদিন চার থেকে পাঁচটি করে ক্লাস নিতে হয়। সিলেট সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ ভূষণচন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষকসংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার পুরো বিষয়টি জানিয়েছি। প্রয়োজনীয় আসবাবপত্র ও পুরোনো বৈদ্যুতিক লাইন পাল্টে দেওয়ারও আবেদন করেছি। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় কাজের কাজ কিছুই হচ্ছে না।’