ক্লিনিকে বিদ্যুৎ-সংযোগ নেই। একতলা ভবনের পলেস্তারা খসে পড়েছে। মেঝে ও দেয়ালে ফাটল। নলকূপে আর্সেনিক। রোগীদের জন্য শৌচাগার নেই। আছে ওষুধের স্বল্পতা। ক্লিনিক পরিচালনা কমিটিও অকার্যকর।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয় এমন অবস্থার মধ্যেই চলছে সেবা দেওয়ার চেষ্টা। তবে বাড়ির কাছে বিনা পয়সায় চিকিৎসাসেবা পাওয়ায় সন্তুষ্ট রোগীরা। সর্দি-জ্বর আর প্রসূতির প্রাথমিক চিকিৎসা হাতের নাগালে থাকায় স্বস্তিবোধ করছেন তাঁরা। সারা দেশে কমিউনিটি ক্লিনিকগুলো প্রসূতিসেবার জন্য সুনাম কুড়ালেও নবাবগঞ্জের ক্লিনিকগুলোয় এখনো প্রসূতির নিরাপদ সন্তান প্রসবের ব্যবস্থা নেই।
গত সপ্তাহে উপজেলার ৩৭টি কমিউনিটি ক্লিনিকের অন্তত ১১টি ঘুরে দেখেন এই প্রতিবেদক। এর মধ্যে ১০টি ক্লিনিকেই বিদ্যুৎ-সংযোগ নেই। গালিমপুর ইউনিয়নের শঙ্করখালী কমিউনিটি ক্লিনিকটির অবস্থা খুব শোচনীয়। ক্লিনিকে আসার তিনটি পৃথক রাস্তার একটি পানিতে ডুবে আছে। অন্য রাস্তাগুলোও ভালো নয়। ক্লিনিকের পাশেই একটি পুকুর। পুকুরের একটি অংশে মাটি ভরাট করে একতলা ক্লিনিকটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের কিছুদিন পর ভবনে ফাটল ধরে। বর্তমানে ভবনটি হেলে পড়েছে।
কমিউনিটি ক্লিনিক পরিচালনার নীতি অনুসারে, প্রতিটি ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং একজন পরিবার কল্যাণ সহকারী থাকার কথা। ক্লিনিক পরিচালনায় থাকবে ১৭ সদস্যের কমিউনিটি গ্রুপ বা পরিচালনা দল। পরিচালনা দলটির সভাপতি হবেন ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য। ক্লিনিকের জমিদাতা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের একজন নারী ইউপি সদস্য সহসভাপতি হবেন। পৃথক তিনটি সাপোর্ট গ্রুপ বা সহযোগী দল পরিচালনাকারী দলটিকে সহযোগিতা করবে। প্রতিটি দলের সদস্যসংখ্যা ১৭ করে।
শঙ্করখালী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. নজরুল ইসলাম বলেন, ক্লিনিকের ভবনটি বেশ পুরোনো ও ঝুঁকিপূর্ণ। ক্লিনিকের সভাপতি ৯ নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম বলেন, কোনো বরাদ্দ না থাকায় এর উন্নয়ন করতে পারেননি।
শঙ্করখালীর বাসিন্দা মো. জমির শেখ বললেন, এই ক্লিনিকে খুব বেশি রোগী আসে না।
উপজেলার বকসনগর ইউনিয়নের বকসনগর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, বিদ্যুৎহীন অন্ধকার কক্ষে হাতপাখা দিয়ে নিজেকে বাতাস করছেন সিএইচসিপি শামসুদ্দীন আলম। সিএইচসিপির কক্ষের পাশে রোগীদের সেবাদানের জন্য একটি কক্ষ। সেখানে একটি বিছানা ও একটি বেঞ্চ আছে; ধুলা-ময়লায় আচ্ছন্ন। রোগীরা সিএইচসিপির কক্ষ থেকে সেবা নিয়ে চলে যান।
বকসনগরের বাসিন্দা গাজী সামিনা প্রথম আলোকে বলেন, ক্লিনিক থেকে তিনি নিয়মিত সেবা নেন। তবে বেশির ভাগ সময় ওষুধ নেওয়ার জন্য সেখানে যান তিনি।
বকসনগর কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো. সাব্বির উদ্দীন বলেন, ক্লিনিকে বিদ্যুৎ-সংযোগ নেই। এটা তাঁরা মিটিংয়ে আলোচনা করেছেন। এ ছাড়া কমিটি আর কোনো কাজ করেনি বলে স্বীকার করেন তিনি।
বাহ্রা ইউনিয়নের চৌকিঘাটা কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, সামনে বৃষ্টির পানি জমে শেওলা পড়েছে। ভবনের ভেতরের পলেস্তারা খসে পড়েছে। বসার ব্যবস্থা না থাকায় রোগীরা তাঁদের জন্য নির্দিষ্ট কক্ষটি ব্যবহার করেন না। ক্লিনিকের সিএইচসিপি মো. ওয়াশিম বলেন, ক্লিনিকে প্রতিদিন গড়ে ৪০ জনের মতো রোগী সেবা নেয়।
বাহ্রা এলাকার বাসিন্দা সাবিনা আক্তার বললেন, বাচ্চার জ্বর হলে তিনি এই ক্লিনিক থেকে ওষুধ নেন। এ ছাড়া কোনো রোগের জন্য পরামর্শের দরকার হলেও এই ক্লিনিকে যান।
পাঁচ বছর ক্লিনিকের পরিচালনা দলের সভাপতি ছিলেন সদ্য সাবেক ইউপি সদস্য আবদুর রহমান। তিনি বলেন, দায়িত্বে থাকার সময় কারও সাহায্য পাননি। তাই তেমন কোনো কাজ করতে পারেননি।
উপজেলার কলাকোপা ইউনিয়নের খন্দকারহাটি কমিউনিটি ক্লিনিক, আগলা ইউনিয়নের ছাতিয়া কমিউনিটি ক্লিনিক, চুড়াইন ইউনিয়নের মরিচপট্টি কমিউনিটি ক্লিনিক, যন্ত্রাইল ইউনিয়নের যন্ত্রাইল কমিউনিটি ক্লিনিক, বান্দুরা ইউনিয়নের পুয়াকৈর কমিউনিটি ক্লিনিক এবং নয়নশ্রী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো ঘুরে একই ধরনের সমস্যা দেখা গেছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুন নাহার ক্লিনিকগুলোর বিষয়ে বললেন, ১০টি ক্লিনিকে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য বরাদ্দ পাওয়া গেছে। আর যেসব ভবন ঝুঁকিপূর্ণ, সেগুলো প্রয়োজনে ভেঙে নতুন করে গড়ে তোলা হবে।
প্রতিটি কমিউনিটি ক্লিনিকে সাধারণ স্বাস্থ্যসেবার পাশাপাশি স্বাস্থ্যশিক্ষা দেওয়া হয়। স্বাস্থ্যসেবার মধ্যে রয়েছে জ্বর, ঠান্ডা, গ্যাস্ট্রিক, ডায়রিয়ার চিকিৎসা, টিকা ও কৃমিনাশক ওষুধ দেওয়া। প্রসূতি রোগীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, যেমন ওজন ও প্রেশার মাপা হয়। দেওয়া হয় আয়রন ও ভিটামিন বি-কমপ্লেক্স ট্যাবলেট। স্বাস্থ্যশিক্ষার মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা সেবা এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য-সচেতনতা বাড়ানোর কার্যক্রম।
কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা জানান, আগে প্রতিটি ক্লিনিকে ২৯ ধরনের ওষুধ সরবরাহ করা হতো। জুন-জুলাই মাস থেকে তিন ধরনের ওষুধ বাদ দিয়ে ২৬ ধরনের ওষুধ সরবরাহ করা হয়। বাদ দেওয়া ওষুধগুলো অ্যান্টিবায়োটিক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুন নাহার ওষুধস্বল্পতার বিষয়ে বলেন, সিএইচসিপিরা শুধু প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন। কখনো কোনো রোগীর খুব বেশি সমস্যা হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাবেন। শুধু প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় বলে ক্লিনিকগুলোতে অ্যান্টিবায়োটিক ওষুধের তেমন প্রয়োজন হয় না।
কমিউনিটি ক্লিনিকগুলোয় নিরাপদ প্রসবের ব্যবস্থা না থাকার বিষয়ে জানতে চাইলে কামরুন নাহার বলেন, যে লোকবল নিয়োগ করা হয়েছে, তাঁরা এই কাজে খুব বেশি দক্ষ নন। সব ক্লিনিকে প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে। কিন্তু সবার প্রশিক্ষণ নেই। বর্তমানে একজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আস্তে আস্তে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ক্লিনিকের সমস্যার বিষয়ে ঢাকা জেলার সিভিল সার্জন আবদুল মালেক মৃধা বলেন, ‘কোথাও নলকূপ নষ্ট, আবার কোথাও ভালো। কোথাও ঠিক করে দেওয়া হয়, আবার কোথাও ঠিক করা হবে। এগুলো কন্টিনিউয়াস (চলমান) প্রক্রিয়ার অংশ। সারা দেশে যেভাবে চলছে, আমরাও সেভাবে চালানোর চেষ্টা করছি।’
ক্লিনিকের অকার্যকর পরিচালনা কমিটির বিষয়ে আবদুল মালেক বলেন, অনেকে কমিটিতে থাকতে চান না। অনেকে জমি দান করার কারণে কমিটিতে আসেন। আবার অনেকে স্বেচ্ছায় আসেন। সব কমিটি কার্যকর করতে তাঁরা কাজ করছেন।