সংকট উত্তরণে প্রস্তাবটি বিবেচনার দাবি রাখে: জাপা
নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সংকট উত্তরণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবটি আলোচনার জন্য বিবেচনার দাবি রাখে বলে মনে করছে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (জাপা)।
খালেদা জিয়ার প্রস্তাবটি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ কথা বলেন। তিনি দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে আলোচনার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানান।
জাপার মহাসচিব বিরোধীদলীয় নেত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে সংকট ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার সমাপ্তি টানতে খালেদা জিয়ার প্রস্তাবটি বিবেচনার দাবি রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাবটি গ্রহণ করলে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এ প্রস্তাবকে ভিত্তি করে আলোচনা এগোতে পারে। প্রয়োজন বোধে নতুন পথের দিশা পেতে এ প্রস্তাবে কিছু সংযোজন ও বিয়োজন হতে পারে।
রুহুল আমিন হাওলাদার বলেন, তাঁর দল মনে করে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অতীতের ভয়াবহ পরিস্থিতির অভিজ্ঞতার কথা মনে রেখে দুই দলই সবার কাছে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ খুঁজে বের করবে।