নির্বাচনকালীন সরকার নিয়ে চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইতে পারে বিএনপি। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ মঙ্গলবার সন্ধ্যায় সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
গতকাল বেলা তিনটায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ নেওয়ার এক ঘণ্টার মধ্যে খালেদা জিয়া রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠান। আজ সন্ধ্যায় সাক্ষাতের সময় নির্ধারণ করে বঙ্গভবন থেকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিবকে তা জানানো হয়। আজ ২০ সদস্যের একটি প্রতিনিধি নিয়ে খালেদা জিয়া বঙ্গভবনে যাবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে তাঁরা রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছেন।
জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএনপির চেয়ারপারসনকে বঙ্গভবনে সাক্ষাতের সময় দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি।
বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য বলেন, নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন, তাতে জাতীয় পার্টির যোগদান এবং নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর রাজনৈতিকভাবে বিএনপি কিছুটা বিপাকে পড়েছে।
নানা কারণে নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের আন্দোলনের ধারাবাহিকতাও থাকছে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ঢাকা সফর, কাল বুধবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন, বৃহস্পতিবার ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হওয়ায় শক্ত রাজনৈতিক কর্মসূচি রাখেনি দলটি। এ সপ্তাহে দলটি জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ও গতকাল কালো পতাকা মিছিল করে। কিন্তু কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচিও ভালোভাবে পালিত হয়নি। দলের শীর্ষস্থানীয় পাঁচজন নেতাকে গ্রেপ্তারের পরও নিশ্চুপ থেকেছে বিএনপি।
গত ২৬ অক্টোবর সংকট নিরসনে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানালে তিনি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। শীর্ষস্থানীয় এক নেতা বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় দেশে-বিদেশে বিএনপি প্রশ্নের মুখে পড়ে। এমনকি নিশা দেশাইও ওই আমন্ত্রণের বিষয়টি জানতে চেয়েছিলেন।
এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খালেদা জিয়া নিজেই রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, চলমান সংকট শান্তিপূর্ণভাবে নিরসনে এটাই শেষ উপায় হতে পারে।
শমসের মবিন চৌধুরী প্রথম আলোকে বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই দলীয় চেয়ারপারসন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন। অবশ্য স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, সংকট সমাধানে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবেন তাঁরা। কেননা তিনি রাষ্ট্রের অভিভাবক। তা ছাড়া সর্বদলীয় মন্ত্রিসভা যে সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তা জানানোর পাশাপাশি নির্দলীয় সরকারের ব্যাপারে বিএনপির অবস্থান তুলে ধরা হবে।
তফসিলের পর টানা কর্মসূচি: পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় আছে বিএনপি। দলের দায়িত্বশীল নেতারা বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর টানা কর্মসূচিতে যাওয়ার পূর্ব সিদ্ধান্ত এখনো বলবৎ আছে। ওই সময় হরতাল, অবরোধ, গণকারফিউয়ের মতো কর্মসূচি দেওয়া হবে। তবে আপাতত শান্তিপূর্ণ সমাধানকে গুরুত্ব দিয়ে এগোবেন তাঁরা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁদের দল শান্তিপূর্ণ সমাধান চায়। তবে সরকার তা আমলে না নিলে দাবি আদায়ে চলমান আন্দোলন অব্যাহত থাকবে।
এরশাদের ঠিক নেই: সর্বদলীয় সরকারে বিএনপিকে যোগ দিতে এরশাদের আহ্বান প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতের কোচবিহার থেকে আসা লোক, যাঁর কোনো দেশপ্রেম নেই, কখন কী বলছেন না বলছেন, তার ঠিক নেই। এ নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানানোর কিছু নেই।’ গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন রিজভী এসব কথা বলেন।
রাতে বৈঠক: গতকাল রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠক শেষে একজন নেতা প্রথম আলোকে জানান, রাষ্ট্রপতির কাছে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে খালেদা জিয়া মনে করছেন না। তবে বিএনপি যে নির্বাচনে যেতে চায় বা আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান চায়, তা প্রমাণ করা যাবে।