সংকট উত্তরণে সরকারকে অর্থবহ সমঝোতার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে দেশের চরম সংকট থেকে দ্রুত উত্তরণে সরকারকে ‘বিরোধী দলের’ সঙ্গে একটি অর্থবহ সমঝোতার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বিচারে গণগ্রেপ্তার’ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিরোধী দল বলতে সংসদে যারা বিরোধী দল আছে তাদের বোঝায়—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘এটি ঠিক না, বিরোধী দল বিরোধী দলই। তাহলে বিএনপিকে কী ডাকবেন?’ অপর প্রশ্নে তিনি বলেন, ‘বিরোধী দল সাত দফা প্রস্তাব দিয়েছে সরকারকে এই পথ থেকে উত্তরণের জন্য। কিন্তু এখন দায়িত্ব হলো সরকারের। মনে আছে, বিএনপিও কিন্তু তাদের তত্ত্বাবধায়ক সরকারের ফমুর্লা দিয়েছিল, তারপর বিরোধী দল অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগের প্রস্তাব গ্রহণযোগ্য হওয়ার ফলে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। এখনো আমরা মনে করি, সরকারকে একটি গ্রহণযোগ্য পদ্ধতি করতে হবে, যা সব দল গ্রহণ করতে পারে।’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, সরকারের সব হুংকার, দমন-নির্যাতন, গণহারে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের মুখে অবরুদ্ধ ২০-দলীয় জোটের নেতার শুধু একটি আহ্বান, জনগণের ভোটের অধিকার আদায় এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে বতর্মান সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাঁর (খালেদা) ডাকে বাংলাদেশের মানুষ সাড়া দিয়ে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করছে। এ সংকট উত্তরণের একটি মাত্র পথ, সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের মধ্য দিয়ে বৈধ সরকার গঠন। যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে ক্ষমতাসীন দলের একগুঁয়েমি মনোভাব দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাবে।
এ সময় সমিতির সহসম্পাদক এ কে এম রেজাউল করিম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।