সংকট এবার মেডিকেল কলেজ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৪৩ দিনেও উপাচার্য নিয়োগ হয়নি। এ নিয়ে সংকটে পড়তে যাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। গতকাল মঙ্গলবার থেকে ৫২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের মেয়াদ শেষ হয়ে গেছে। আজ বুধবার থেকে নতুন ব্যাচের কাজে যোগদান করার কথা। কিন্তু উপাচার্য না থাকায় নতুনেরা ইন্টার্ন হিসেবে কাজে যোগ দিতে পারছেন না।
অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, কিছু স্বেচ্ছাসেবক ইন্টার্ন চিকিৎসক ও ‘মিড লেভেলের’ চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য তারা বিকল্প ব্যবস্থা করেছে। রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের এটি একটি। সম্প্রতি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শুধু উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে রাজশাহীতে এখন পর্যন্ত তাঁর দপ্তর করা হয়নি।
এই অবস্থায় যাঁরা রাজশাহী মেডিকেল কলেজ থেকে ‘ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন’ শেষ করেছেন, নিয়ম অনুযায়ী তাঁদের ‘রেজাল্ট শিটে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাক্ষর করে থাকেন। ইতিমধ্যে কলেজের ৫৩তম ব্যাচের পরীক্ষার ফলাফল তৈরি করা হয়ে গেছে। বিভাগীয় শিক্ষকেরা তাতে স্বাক্ষর করে প্রস্তুত করেছেন। এখন শুধু উপাচার্যের স্বাক্ষরের অপেক্ষায় পড়ে আছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাধারণত ইন্টার্ন চিকিৎসকেরাই হাসপাতালের রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে থাকেন। গতকাল পর্যন্ত হাসপাতালে ২৪০ জন ইন্টার্ন চিকিৎসক এই দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে নিয়মিত ব্যাচের ১২৪ জন। সাপ্লিমেন্টারি ৫৭ জন, অন্যান্য ১৩ ও বিডিএস ৪৬ জন। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, কখনো কোনো কারণে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘটে গেলে বা কর্মবিরতিতে গেলে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা হুমকির মুখে পড়ে। গতকাল থেকে ৫২তম ব্যাচের ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে। আজ বুধবার নতুন ব্যাচের কাজে যোগ দেওয়ার কথা থাকলেও উপাচার্য না থাকার কারণে আনুষ্ঠানিকভাবে তাদের ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এই সময়ে হাসপাতালে চিকিৎসক সংকটের আশঙ্কা করা হচ্ছে।
তবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম জানিয়েছেন, এই সংকটের কথা ভেবে তাঁরা পুরাতন ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের স্বেচ্ছাসেবী হিসেবে নতুন ব্যাচ না আসা পর্যন্ত দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে প্রায় ৭০ জন ইন্টার্ন চিকিৎসক দায়িত্ব পালন করতে সম্মত হয়েছেন। সংকটকালে এই দায়িত্ব পালনের জন্য তাঁরা একটা ধন্যবাদ পেতে পারেন। তিনি আরও বলেন, এ ছাড়া সাপ্লিমেন্টারি ৫৭ জন এই দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে যেখানে ঘাটতি দেখা দেবে, সেখানে ‘মিড লেভেলের’ চিকিৎসকেরা কাজ করবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২০ মার্চ চার বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মুহম্মদ মিজানউদ্দিন এবং সহ-উপাচার্য হিসেবে অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। গত ১৯ মার্চ এই দুজন তাঁদের শেষ কর্মদিবস অতিবাহিত করেন। এরপর তাঁরা নিজ নিজ বিভাগের অধ্যাপক পদে ফিরে গেছেন। ৪৩ দিন পার হলেও বিশ্ববিদ্যালয় এখনো অভিভাবকহীন।