সংকট কাটাতে চাই বিকল্প রাজনীতির উত্থান: সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বিদলীয় মেরুকরণের বৃত্ত দেশের চলমান সংকট আরও বাড়াচ্ছে। বর্তমান সংকট আবারও প্রমাণ করেছে, বিকল্প রাজনীতির উত্থান ঘটানো ছাড়া সংকট কাটানো সম্ভব নয়। এ জন্য বাম-গণতান্ত্রিক বিকল্পবলয়ের প্রয়োজনীয়তা আরও তীব্র হয়েছে।
গতকাল শনিবার মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবির ঢাকা অঞ্চলের উপজেলা-থানা নেতৃত্বের সাংগঠনিক কর্মশালায় সমাপনী বক্তৃতায় মুজাহিদুল ইসলাম এসব কথা বলেন। দুদিনের কর্মশালায় ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ জেলার নেতারা অংশ নেন।
এদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, ঈদ সামনে রেখে মানুষের ভোগান্তি বেড়েছে। খাদ্যে ফরমালিনসহ ভেজালের পরিমাণ বেড়েছে। সরকার ভেজালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণ, ভেজালমুক্ত খাদ্যের দাবিতে সিপিবি-বাসদের উদ্যোগে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে খালেকুজ্জামান এসব কথা বলেন। বিজ্ঞপ্তি।