সংকট কাটাতে রাষ্ট্রপতি ও স্পিকারের উদ্যোগ চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নুল আবদিন ফারুক
জয়নুল আবদিন ফারুক

বর্তমান রাজনৈতিক সংকট কাটাতে রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির এক সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ আহ্বান জানান।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আজ সকালে হরতালের সমর্থনে সংসদ ভবন এলাকায় বিএনপির ১২ জন সাংসদ মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, শোনা যাচ্ছে, সাত দিনের মধ্যে সর্বদলীয় সরকার গঠন করা হবে। খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচনী তফসিল বিএনপি মানে না। তাই আজকের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে সংবিধান সংশোধনের দাবি জানান তিনি।
সহিংসতার জন্য ভারত থেকে দেশে অস্ত্র আনা হচ্ছে বলে অভিযোগ করেন জয়নুল আবদিন। সমাবেশে দলটির অন্য সাংসদেরাও বক্তব্য দেন।
বেলা ১১টার দিকে বিএনপির সাংসদেরা সংসদ ভবনের দক্ষিণ গেট দিয়ে মিছিল নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। এ সময় আরেক প্রান্তে অবস্থান নেওয়া যুব মহিলা লীগের নেতা-কর্মীরা বিএনপির সাংসদদের ধাওয়া করেন। এতে সেখানে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রতিবাদে আবার বিক্ষোভ-সমাবেশ করেন বিএনপির সাংসদেরা।

যুব মহিলা লীগের সভাপতি ও সাংসদ নাজমা আক্তার পরে সাংবাদিকদের বলেন, বিরোধী দলের এমপিরা সংসদে যান না। কিন্তু তাঁরা সংসদ ভবন চত্বরে মিছিল-সমাবেশ করে গতকাল শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছিলেন। পুলিশের সামনে তাঁরা কীভাবে এমন বক্তব্য দেন বলে প্রশ্ন রাখেন যুব মহিলা লীগের সভাপতি।

বিএনপির সাংসদদের ধাওয়া করা প্রসঙ্গে নাজমা আক্তার বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে তাঁদের ওপর চড়াও হতে গিয়েছিলেন। কিন্তু আমরা তাঁদের নিবৃত করেছি। কিন্তু কাল যদি তাঁরা আবার এখানে সমাবেশ করেন, তবে যুব মহিলা লীগ দাঁতভাঙা জবাব দেবে।’