সংকট নিরসনে আলোচনার আহ্বান সাংসদ বাদশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে অপদস্থ করার ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ক্যাম্পাসের সিরাজি ভবনের সামনে গতকাল সকালে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা l প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে অপদস্থ করার ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ক্যাম্পাসের সিরাজি ভবনের সামনে গতকাল সকালে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা l প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সরকারদলীয় সাংসদ ও মহানগর আওয়ামী লীগ নেতাদের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় দুই পক্ষকে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। গতকাল সোমবার উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসুর) সাবেক সহসভাপতি (ভিপি) বাদশা বলেন, ‘বিষয়টি নিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাঁদের ঘোষিত কর্মসূচি স্থগিত রাখার জন্য আহ্বান জানিয়েছি। আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে। কোনো মতপার্থক্য থাকলে তা শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে।’
বেসরকারি একটি মেডিকেল কলেজের অনিয়মের অভিযোগে জরিমানা করার জের ধরে গত ১৫ এপ্রিল রাজশাহী-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী টেবিল চাপড়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনকে শাসান। পরদিন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা দলীয় নেতা-কর্মী নিয়োগের দাবিতে উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে বেশ কয়েকজন শিক্ষক ও উপাচার্যকে গালাগাল ও হুমকি দেন।
এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন। অন্যদিকে উপাচার্যকে সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে নগর আওয়ামী লীগ।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ফজলে হোসেন বাদশা বলেন, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব গতিতে চলবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এদিকে টানা চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। উপাচার্যসহ অন্য শিক্ষকদের অপদস্থ করার প্রতিবাদে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে সেখান থেকে শোভাযাত্রা বের করা হয়। ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে বেলা ১১টার দিকে একই স্থানে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, সভাপতি পরিষদ ও অফিসার সমিতি বিবৃতির মাধ্যমে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ওই বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
উপাচার্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে সমাজবিজ্ঞান বিভাগ।