সংকট নিরসনে উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন নিয়ে চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকেই উদ্যোগী হতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘সংকট নিরসনের ব্যাপারে সরকারি ও বিরোধী দল সংসদে আলোচনা করতে চাইলে স্পিকার হিসেবে আমার সব ধরনের সহযোগিতা থাকবে।’ স্পিকার গতকাল বিকেলে বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছান। এ সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ স্থানীয় নেতারা। বিমানবন্দর থেকে তিনি সিলেট সার্কিট হাউসে যান। সেখান থেকে বেলা পৌনে তিনটায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিলেটের সংরক্ষিত নারী সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক। মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে বাজেট অধিবেশন সুন্দর ও কার্যকর হয়েছে। এখন নির্বাচন-প্রক্রিয়া কীভাবে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হতে হবে। তিনি বলেন, যেকোনো সিদ্ধান্ত মূলত সরকারি ও বিরোধী দলকেই নিতে হবে। তবে তারা এ নিয়ে সংসদে আলোচনা করতে চাইলে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সাংসদ গোলাম মাওলা রনির প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে বলে আমি মনে করি।’