রাজধানী ঢাকায় পানির সংকট নিরসনে গৃহস্থালি ও শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহার করা পানি আবার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের অভিমত, ৮০ শতাংশ পানি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কৃষি, বাগান পরিচর্যা কিংবা টয়লেট পরিষ্কারের কাজে ব্যবহার করা যেতে পারে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পানির পুনর্ব্যবহার: প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্কের পরিচালক মফিজুর রহমান বলেন, ঢাকায় ২০ শতাংশ পানি খাওয়া ও রান্নার কাজে ব্যবহূত হয়। গোসল, কাপড় ধোয়া ও টয়লেট পরিষ্কারের কাজে লাগে বাকি ৮০ শতাংশ পানি। পুনঃপ্রক্রিয়াকরণ প্রযুক্তি ব্যবহার করে ৮০ শতাংশ পানি আবার ব্যবহার করলে ঢাকায় পানি সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাবে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসীম এ খান বলেন, ঢাকায় সরবরাহ করা পানির প্রায় ৮৭ শতাংশ ভূগর্ভ থেকে তোলা হয়। জলাশয়গুলো ভরাট হওয়ার ফলে বৃষ্টি কিংবা উপরিভাগের পানি ভূগর্ভে যেতে পারে না। এ কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সংকট মোকাবিলায় ওয়াসা আগামী দিনে উপরিভাগের পানি পরিশোধনের মাধ্যমে ব্যবহার উপযোগী করার পরিকল্পনা নিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান বলেন, উপরিভাগের পানির ব্যবহার বাড়াতে পানির উৎসগুলো সংরক্ষণের ওপর জোর দিতে হবে। সেমিনারে আরও বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধি-দপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আমিন উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সালেহ আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলদি সিটি কর্মসূচির সমন্বয়কারী এ এফ এম খালিদ হোসেন, এনজিও ফোরামের কর্মকর্তা কাজী আলমগীর কবির প্রমুখ। ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট) ও বুয়েটের ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ডব্লিউবিবি ট্রাস্টে নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ।