ভিসা জটিলতা ও হজ ফ্লাইটে যাত্রী সংকটের সমাধানে তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
গতকাল বুধবার সচিবালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা শেষে বিমানমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, সব হজযাত্রীকে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে বলা হচ্ছে, তাঁরা যেন দ্রুত ভিসা করেন, আর ভিসা করে থাকলে দ্রুত ফ্লাইট ধরতে। যাতে যাত্রী পরিবহনে কোনো সংকট না হয়, সে জন্য হজ ফ্লাইটের পাশাপাশি বিমানের নিয়মিত ফ্লাইটেও হজযাত্রীদের পাঠানো হবে। একই সঙ্গে হজ ফ্লাইটের স্লট বৃদ্ধির আবেদন করা হবে।
বিমানমন্ত্রী বলেন, প্রতিবছর যেখানে প্রথম ১০ দিনে বহুসংখ্যক হজযাত্রী চলে যান, সেখানে এবার তা হয়নি। তিনি বলেন, মোয়াল্লেম ফি বৃদ্ধি, পুনরায় হজে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সৌদি সরকারের বাড়তি দুই হাজার রিয়াল ধার্য এবং সময়মতো অনেকের ভিসা না হওয়ায় এই সমস্যা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত দুই হাজার রিয়ালের বিষয়ে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশসহ বিভিন্ন দেশ আলোচনা করছে।
হজযাত্রী সংকটের কারণে শনিবার থেকে গতকাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২টি হজ ফ্লাইট ও সৌদি এয়ারলাইনস তিনটি ফ্লাইট বাতিল করেছে। গতকালও ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে।