জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আওয়ামী লীগ কিংবা বিএনপি কোনো দলই ক্ষমতায় গিয়ে নির্বাচনী ওয়াদা পূরণ করতে পারছে না। জোড়াতালি দিয়ে সংবিধান চলছে। দেশের সংকট নিরসনে শিগগিরই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।গতকাল বুধবার বিকেলে লালদীঘি ময়দানে চট্টগাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা জেএসডি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আ স ম আবদুর রব এসব কথা বলেন। তিনি বলেন, এক কক্ষবিশিষ্ট পার্লামেন্ট দিয়ে গণতন্ত্র কায়েম করা যায় না। রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান, গণতন্ত্র এবং দেশের উন্নয়নের জন্য প্রদেশ এবং দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠন অপরিহার্য।জেএসডির সভাপতি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতার মেয়াদ আড়াই বছর চলে গেলেও এ সরকার নির্বাচনী ওয়াদা পূরণে ব্যর্থ। দেশ পরিচালনায় অদক্ষতা, দুর্নীতি, দলীয়করণ ও লুটপাট বাড়ছে।আল্লামা মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক, কেন্দ্রীয় সহসভাপতি এম এ গোফরান, আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম, শহীদ উদ্দিন মাহমুদ।