বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে জনবল সংকট নিরসনে নয়জন নারী চিকিৎসকের সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। এ ছাড়া তিন সদস্যের একটি ্পরামর্শক কমিটি গঠন করা হয়েছে।মেডিকেল কলেজ সূত্রে গতকাল মঙ্গলবার জানা গেছে, ধর্ষণের শিকার নারীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন তৈরির কাজ এতদিন পুরুষ চিকিৎসকেরাই করতেন। সম্প্রতি ধর্ষণের শিকার নারীদের পরীক্ষা-নিরীক্ষা নারী চিকিৎসকের দ্বারা করার নির্দেশ দেন উচ্চ আদালত। গত শনিবার ওই নির্দেশপত্র বরিশালে পৌঁছায়। নারী চিকিৎসক না থাকায় সেদিন থেকে ধর্ষণের শিকার নারীদের পরীক্ষা বন্ধ রাখা হয়। সমস্যা সমাধানে বরিশাল মেডিকেল কলেজে তিন সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করা হয়। এ ছাড়া বিভিন্ন বিভাগের নারী চিকিৎসকদের নিয়ে রোস্টার (কর্ম বণ্টন) করা হয়। এই নারী চিকিৎসকেরা ধর্ষণের শিকার নারীদের পরীক্ষার দায়িত্ব পালন করবেন। ফরেনসিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, এই প্যানেলে নয় নারী চিকিৎসক দায়িত্বে থাকবেন। তাঁদের মধ্যে সাতজন নারী চিকিৎসক প্রতিদিন পর্যায়ক্রমে ফরেনসিক বিভাগে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দুজন চিকিৎসককে অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে। নিয়মিত সাতজনের মধ্যে কেউ কোনো কারণে অনুপস্থিত থাকলে তাঁরা দায়িত্ব পালন করবেন।অধ্যক্ষ মো. শহীদুল আলম বলেন, ধর্ষণের শিকার নারীদের পুরুষ চিকিৎসক দ্বারা পরীক্ষা না করানোর নির্দেশ রয়েছে। এ কারণে আপৎকালীন সমস্যা সমাধানের জন্য নারী চিকিৎসকদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের ্পরামর্শক কমিটি গঠন করা হয়।