সংকট নিরসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় সাংসদ ও আওয়ামী লীগ নেতাদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে অপদস্থের ঘটনায় উদ্ভূত সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের হস্তক্ষেপ কামনা করেছে চেয়ারম্যান কাউন্সিল। গতকাল মঙ্গলবার চেয়ারম্যান কাউন্সিলের সভাপতি হারুন-অর-রশীদ ফ্যাক্সের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠিয়ে এ অনুরোধ জানিয়েছেন।
ওই চিঠিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, স্বায়ত্তশাসিত এ বিদ্যাপীঠটির চেয়ারম্যানের (বিভাগীয়) পদটি অরাজনৈতিক। এ অরাজনৈতিক অবস্থা থেকে ১৫ ও ১৬ এপ্রিল উপাচার্যের দপ্তরে সংঘটিত ঘটনা নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে দেখা যায়, তা ছিল স্বাধীন জ্ঞানানুশীলন, মুক্তবুদ্ধির চর্চা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমাজের সম্মানের প্রতি অকল্পনীয় অবজ্ঞা-প্রদর্শন ও কালিমালেপনের শামিল। চিঠিতে ঘটনার সুষ্ঠু নিষ্পত্তির জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বিক্ষোভ চলছে: শিক্ষকদের অপদস্থ করার প্রতিবাদে গতকালও ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন। বিভাগের সভাপতি ওয়ারদাতুল আকমাম জানান, সমাজবিজ্ঞান বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনসহ শিক্ষকদের অপদস্থকারীদের শাস্তির দাবিতে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার সব বিভাগ ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে।
উপাচার্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও পয়লা বৈশাখে বিভিন্ন স্থানে নারী নিপীড়নের প্রতিবাদে একই সময়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। পরিবেশন করা হয় প্রতিবাদী গণসংগীত।
কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা, পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ নাসের, মার্কেটিং বিভাগের শাহ আজম শান্তনু, ইতিহাস বিভাগের গোলাম সারওয়ার প্রমুখ।
শিক্ষক সমিতির সভাপতির ব্যাখ্যা: ‘মানববন্ধনে তোপের মুখে শিক্ষক সমিতির সভাপতি’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা। তিনি বলেন, ‘অনলাইন পত্রিকায় উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এটা সঠিক নয়। কিন্তু উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে এটা আমার বক্তব্যে বারবার উল্লেখ করেছি এবং শিক্ষক সমিতির ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।’