সংকট নিরসনের দায়িত্ব সবার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া বলেছেন, দেশ একটি মারাত্মক সংকটের মুখোমুখি। গত তিন দিনে অনেক প্রাণ ঝরে গেছে। নির্বাচনকালীন সরকারপদ্ধতি নিয়ে যে সংকট দেখা দিয়েছে, এই সংকট নিরসনের উপায় বের করার দায়িত্ব সবার।
গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে নির্বাচনকালীন সরকার নিয়ে ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, এই সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে সরকার। বাংলাদেশে নির্বাচনকালীন সরকারপদ্ধতি একটি মীমাংসিত বিষয় ছিল।
রফিকুল ইসলাম মিয়া আরও বলেন, সংবিধানের ৭২(১)-এ দেখবেন, ৬০ দিনের মধ্যে সংসদ আহ্বানের কথা। কিন্তু যখন ১২৩-এর ৩(ক) কার্যকর হলো, তখন সেটা স্থগিত হয়ে গেল। সে অবস্থায় নির্বাচনকালীন সময়ে সরকারের সার্বিক দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে দাবি করছি, যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে চান, তাহলে অবিলম্বে রিটার্নিং কর্মকর্তা কে হবেন সেটা ঠিক করেবেন।’
এ সময় ফোরামের মহাসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।