ময়মনসিংহ গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটি এ বছর থেকে ময়মনসিংহ সরকারি কলেজ নামে যাত্রা শুরু করেছে। সরকারি এই ইনস্টিটিউটে আগে শুধু ‘ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ’ কোর্স চালু ছিল। এ বছর থেকে ওই ডিপ্লোমা কোর্স বাতিল করে তিনটি বিভাগে উচ্চমাধ্যমিক কোর্স চালু হয়েছে।
নতুন নামে উচ্চমাধ্যমিক কলেজ হিসেবে চালু হওয়ায় প্রাথমিকভাবে সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষক, কর্মচারী, শ্রেণিকক্ষ, বেঞ্চ ও বিজ্ঞানাগার—এই পাঁচ সংকট নিয়েই তারা যাত্রা শুরু করেছে। তবে দ্রুতই এসব সংকট নিরসন হবে বলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) তাদের আশ্বাস দিয়েছে।
ময়মনসিংহ শহরের আকুয়ায় ১৯৬৬ সালে দেড় একর জমির ওপর ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের একটি শাখা হিসেবে এখানে পাঠদান করা হতো। পরবর্তী সময়ে ১৯৮৪ সালে ময়মনসিংহ গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট নামে এটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। তখন থেকে দুই বছর মেয়াদি ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ কোর্স শুরু হয়। চলতি বছর থেকে ওই কোর্স বাতিল করে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখা নিয়ে উচ্চমাধ্যমিক কলেজ হিসেবে যাত্রা শুরু করেছে। প্রথম বর্ষে বিজ্ঞান বিভাগে ১৬০ এবং বাণিজ্য ও মানবিক বিভাগে ২০০ জন করে শিক্ষার্থী ভর্তি হয়েছে।
কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম বছরই শতভাগ শিক্ষার্থী পাওয়া গেলেও নেই পর্যাপ্ত সংখ্যক শিক্ষক। বিজ্ঞান বিভাগের জন্য ১২ জন শিক্ষক প্রয়োজন হলেও আছেন মাত্র একজন। বাণিজ্য বিভাগে আটজনের জায়গায় আছেন মাত্র দুজন। মানবিক বিভাগে আছেন চারজন অথচ এই বিভাগে আরও ছয়জন শিক্ষক প্রয়োজন।
এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির কমপক্ষে ১২ জন কর্মচারী প্রয়োজন হলেও সরকারিভাবে প্রতিষ্ঠানটিতে কোনো কর্মচারী পদ নেই। চুক্তিভিত্তিক আটজন কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। এর বাইরে প্রতিষ্ঠানটিতে শ্রেণিকক্ষ ও বেঞ্চ-সংকটও রয়েছে। আগে ডিপ্লোমা কোর্সের ৩৫০ জন শিক্ষার্থীর বসার জন্য চেয়ার ছিল। ওই চেয়ারের অনেকগুলোই ভেঙে গেছে। এবার উচ্চমাধ্যমিকে ৪৬০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ায় শ্রেণিকক্ষ ও বেঞ্চের সংকট দেখা দিয়েছে। তাই বর্তমানে দুই শিফটে চলছে পাঠদান।
কলেজ সূত্র জানায়, বর্তমানে খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে পাঠদান কার্যক্রম। কিন্তু তাঁদেরও আপাতত কোনো সম্মানী দিতে পারছে না কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ময়মনসিংহে উচ্চমাধ্যমিক কলেজের সংকট থাকায় সরকারি এই কলেজটিতে অনেক আশা নিয়েই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। কিন্তু এখানে কোনো বিজ্ঞানাগার না থাকায় ব্যবহারিক বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছে তারা।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ এম এ এম জাকির হোসেন বলেন, ‘প্রথমবারের মতো উচ্চমাধ্যমিক চালু হওয়ায় কিছুটা চ্যালেঞ্জ আছে। তবে আমরা আশাবাদী খুব দ্রুতই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে।’
অধ্যক্ষ জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কর্মচারীর জন্য আবেদন করা হয়েছে। শ্রেণিকক্ষের সংকট দূর করতে নতুন কক্ষ নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই নির্মাণকাজ শেষ হলে সেখানে বিজ্ঞানাগারও করা হবে।