সংকট বাড়লে প্রধানমন্ত্রী দায়ী থাকবেন: বি. চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সংবিধান সংশোধন করে সরকার দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। তাই সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার বেশি দায়িত্ব সরকারি দলের। যদি সমাধান না হয়ে আরও বাড়ে, তাহলে এর জন্য প্রধানমন্ত্রীই দায়ী থাকবেন।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত গোলটেবিল আলোচনায় বি. চৌধুরী এসব কথা বলেন।
বি. চৌধুরী বলেন, বর্তমান সংকট থেকে সংঘাতের সৃষ্টি হবে। দেশ মানবিক ও রাজনৈতিক বিপর্যয়ে পড়বে। শুধু নির্বাচনের আগেই নয়, পরেও সংঘাত হতে পারে। তিনি বলেন, আন্দোলন বন্ধ করে আলোচনায় বসার আমন্ত্রণ জানাচ্ছে সরকারি দল, এটা অরাজনৈতিক কথা। পদত্যাগপত্র জমা দেওয়ার পর মন্ত্রীদের পদ খালি হয়ে গেছে বলে মন্তব্য করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বর্তমানে মন্ত্রীদের কার্যক্রম, পতাকা ব্যবহার, পিএস, এপিএস ও তাঁদের জন্য পুলিশ প্রটেকশন সম্পূর্ণ অবৈধ হয়ে গেছে।