প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের উচিত জনগণের ঝুঁকিপূর্ণ জীবন, অভিন্ন আশা–আকাঙ্ক্ষা, প্রযুক্তি বিনিময় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ও কোভিড-১৯ মহামারি মোকাবিলায় অতিরিক্ত তহবিলের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নত দেশগুলোর উচিত তাদের ঐতিহাসিক দায়িত্ব এবং নৈতিক ও আইনি বাধ্যবাধকতা পালন করা।’ তিনি আরও বলেন, ‘চলমান ও ভবিষ্যতের সংকট মোকাবিলায় আমাদের অবশ্যই ঐক্য গড়ে তুলতে হবে এবং সহযোগিতা বাড়াতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ‘প্রথম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থ সম্মেলন’ (সিভিএফ)–এর উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনিই এই ফোরামের সভাপতি। অর্থমন্ত্রী এ এইচ এম মোস্তফা কামালের সভাপতিত্বে বাংলাদেশ আয়োজিত এই প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ ২০টি দেশের (ভি-২০) অর্থমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হলো।
সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের চেয়ার বান কি মুন, ভি–২০ দেশগুলোর অর্থমন্ত্রীরা, জি–৭–ভুক্ত ও জি–২০–ভুক্ত দেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিরা, আইএফআইএস ও এমডিবিএসের প্রধানেরা এবং অংশীদারেরা সম্মেলনে অংশ নেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, সিভিএফ-ভি–২০ গ্রুপের ৪৮ সদস্যরাষ্ট্র বৈশ্বিক নিঃসরণের মাত্র ৫ শতাংশের জন্য দায়ী। অথচ তারাই এই মানবসৃষ্ট দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ ছাড়া লাখ লাখ মানুষের জীবন-জীবিকাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে চলমান কোভিড-১৯ মহামারি নতুন আরও দুর্ভোগ সৃষ্টি করেছে।
সিভিএফ সম্মেলনে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব পেশ করেন। তাঁর প্রথম প্রস্তাব হলো, বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধিকে ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখতে গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধে প্রতিটি দেশকে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অনুসরণ করতে হবে। প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রস্তাব হলো, উন্নত দেশগুলোকে সিভিএফ-ভি–২০ দেশের সবুজ পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি এবং মূলধনের ব্যয় হ্রাসে অব্যাহত সমর্থন এবং বেসরকারি খাতের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।
তৃতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, তহবিলের প্রবাহ অবশ্যই অনুমানযোগ্য, ভারসাম্যপূর্ণ, উদ্ভাবনী এবং বর্ধনশীল হতে হবে। তিনি বলেন, উন্নয়ন অংশীদার এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো তহবিল বরাদ্দ এবং বিতরণে ব্যবহারকারী-বান্ধব প্রক্রিয়া গ্রহণ করবে এবং বিভিন্ন জলবায়ু তহবিলের মধ্যে সমন্বয় থাকতে হবে।
স্মার্ট ইনস্যুরেন্স প্রিমিয়াম ভর্তুকি প্রবর্তনে আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি উল্লেখ করে শেখ হাসিনা তাঁর চতুর্থ প্রস্তাবে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগসহ জলবায়ু রক্ষায় ধনী দেশগুলোকে অবশ্যই বিদ্যমান অর্থনৈতিক দূরত্ব ঘুচিয়ে সিভিএফ-ভি–২০ দেশগুলোর সহায়তায় এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ‘চূড়ান্তভাবে প্রতিটি ঝুঁকিপূর্ণ দেশকে আমাদের মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের মতো একটি “জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা” গ্রহণের কথা সক্রিয়ভাবে বিবেচনা করতে পারে।’
বাংলাদেশ সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য
প্রধানমন্ত্রী এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছর দেশব্যাপী প্রায় ৩ কোটি চারাগাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া তাঁর সরকার একটি নিরাপদ, সুরক্ষিত, জলবায়ু পরিবর্তনসহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ ডেলটা প্ল্যান ২১০০’ প্রস্তুত করেছে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জলবায়ু সমৃদ্ধির জন্য উদ্ভাবনী অর্থনৈতিক সমাধান বের করতে সব অর্থমন্ত্রী, উন্নয়ন অংশীদার, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক উন্নয়ন ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবছর আমরা আমাদের জিডিপির প্রায় আড়াই শতাংশ বা প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় টেকসই জলবায়ুসহনশীল ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে ব্যয় করি।’ তিনি আরও বলেন, চলমান বৈশ্বিক মহামারির মধ্যে তাঁর সরকার ১৫ বিলিয়ন মার্কিন ডলারের ২৩টি পুনরুদ্ধার প্যাকেজ চালু করেছে। এটা জিডিপির আনুমানিক ৪ দশমিক ২ শতাংশ।