সংকট মোকাবিলায় বর্জ্য পানির সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, ঢাকার চারপাশে চারটি নদ-নদী থাকলেও সেগুলো বর্জ্য পানির আধারে রূপ নিয়েছে। দ্রুত নগরায়ণ এবং জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিতভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় বর্জ্য পানির পরিমাণ বেড়েই চলেছে। বর্জ্য পানির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পানিসংকট মোকাবিলা করা যেতে পারে।
প্রতিবছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বর্জ্য পানির ব্যবস্থাপনা’। পানি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পরিবেশ বাঁচাও আন্দোলন, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ ১৪টি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, অস্তিত্ব রক্ষায় বর্জ্য পানির ব্যবস্থাপনাকে একটি উপায় হিসেবে বিবেচনা করা উচিত, যা পানিসংকট মোকাবিলায় ভূমিকা রাখবে। প্রতিদিন নানা কাজে পানি ব্যবহার করা হয়। এর মধ্যে কিছু বর্জ্য পানি আছে, যা পুনর্ব্যবহার করা যায়।
বক্তারা বলেন, চারপাশের নদীগুলো দূষিত না হলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতার প্রয়োজন পড়ত না। বর্তমানে পানির মোট চাহিদার ৭০ শতাংশ মাটির নিচ থেকে সংগ্রহ করা হচ্ছে।