বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার শিক্ষানীতির বাস্তবায়নই দেশের বর্তমান সংকট থেকে পরিত্রাণের উপায়।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি চত্বরে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।সংগঠনের নেতারা বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার শিক্ষানীতি ও শিক্ষাদর্শন বাস্তবায়িত হয়নি। এর ফলে ধর্মান্ধ গোষ্ঠী ধর্মনির্ভর শিক্ষার মধ্য দিয়ে দেশকে সাম্প্রদায়িকতার আখড়ায় পরিণত করতে চেয়েছে। শাসকগোষ্ঠী সে অপচেষ্টার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি; বরং কে কার চেয়ে বেশি ধার্মিক, তার প্রমাণ দিতে ধর্মান্ধ-সাম্প্রদায়িক শিক্ষাকে উৎসাহিত করেছে। বেলা তিনটায় শোক প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা ও স্মৃতিচারণা। আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাসান তারেক, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মঈন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক লাকী আক্তার প্রমুখ।আলোচনায় সংগঠনটির সাবেক ও বর্তমান ছাত্রনেতারা সাভারের ভবনধসের ঘটনাকে হত্যাকাণ্ড বলেন এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন। একই সঙ্গে অতীতে সংঘটিত তাজরীন, স্পেকট্রামসহ সব হত্যাকাণ্ডের জন্য দোষী ব্যক্তিদের বিচার দাবি করেন। বিজ্ঞপ্তি।